কক্সবাজারের উখিয়ায় মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি এলাকা থেকে বিশাল আকৃতির দুটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ। সংশ্লিষ্টদের ধারণা, সাম্প্রতিক টানা বর্ষণের ফলে পাহাড়ের ঢল ও প্রতিকূল আবহাওয়ার কারণে বন্যপ্রাণীগুলো খাবারের সন্ধানে বা নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন এলাকা থেকে প্রায় ১০ ফুট লম্বা এবং ১৫ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে হলদিয়াপালং ইউনিয়নের একটি বসতবাড়ি থেকেও প্রায় একই ওজনের আরও একটি অজগর উদ্ধার করেন বনকর্মীরা। দুটি সাপই বর্তমানে সুস্থ রয়েছে এবং প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সেগুলোকে গহীন বনে অবমুক্ত করা হবে।
উখিয়া রেঞ্জ বন কর্মকর্তা শাহীনুর রহমান জানান, বার্মিজ অজগর পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে বা সেগুলোকে আঘাত না করে দ্রুত বন বিভাগকে অবহিত করার জন্য তিনি স্থানীয়দের অনুরোধ জানিয়েছেন। প্রাকৃতিক আবাসস্থলের পরিবর্তন ও বৈরী আবহাওয়ার কারণেই মূলত এমন ঘটনা ঘটছে বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























