শ্রীলঙ্কার কালথারায় অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ওপেন অনুর্ধ্ব-২০ গ্রুপে স্বর্ণপদক অর্জন করেছেন। নয়টি খেলায় সাত পয়েন্ট পেয়ে তিনি ওপেন বিভাগে রানার-আপ এবং অনুর্ধ্ব-২০ বছরের খেলোয়াড়দের মধ্যে প্রথম স্থান অধিকার করে এই গৌরব অর্জন করেন।
সোমবার শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার সাকলাইন মালয়েশিয়ার ফিদে মাস্টার লিম জোও রিনকে পরাজিত করেন। এছাড়া, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ছয় পয়েন্ট নিয়ে ১৬তম এবং রায়ান রশিদ মুগ্ধ পাঁচ পয়েন্ট নিয়ে ৩৯তম স্থান অধিকার করেন। বয়স ভিত্তিক গ্রুপে, ওপেন অনুর্ধ্ব-১২ তে রায়ান রশিদ মুগ্ধ সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে দশম স্থান পান। বালিকা অনুর্ধ্ব-১৬ গ্রুপে জান্নাতুল প্রীতি সাড়ে চার পয়েন্ট নিয়ে ১৮তম হন।
ওপেন অনুর্ধ্ব-১৮ গ্রুপে মো. জায়ান খান সাড়ে তিন পয়েন্ট নিয়ে দশম এবং ওপেন অনুর্ধ্ব-১৬ গ্রুপে সায়ান মেরাব হাসান সাড়ে তিন পয়েন্ট নিয়ে ২৩তম হন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ সাত খেলায় তিন পয়েন্ট পেয়েছেন, তবে অসুস্থতার কারণে তিনি শেষ দুই রাউন্ড খেলতে পারেননি।
র্যাপিড দাবায় অনুর্ধ্ব-২০ গ্রুপে ফিদে মাস্টার সাকলাইন রৌপ্য পদক এবং ব্লিটজ দাবায় ব্রোঞ্জ পদক লাভ করেন। মহিলা র্যাপিড দাবায় ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা রৌপ্য পদক জিতেছেন।
প্রতিযোগিতায় ভারতের গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহ সাড়ে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। ওপেন বিভাগে সাত জন গ্র্যান্ডমাস্টার, একজন মহিলা গ্র্যান্ডমাস্টার ও তিন জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৩টি দেশের ৯৬ জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন।
রিপোর্টারের নাম 























