হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞান পার্টির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার রাতে সংঘটিত এই অভিযানে মূলহোতা মো. তাজুল ইসলাম (৪৮) সহ বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
এপিবিএন সূত্রে জানা যায়, শনিবার রাতে ভুক্তভোগী আরাফাত হোসেন (১৮) তার খালাতো ভাইকে বিদায় জানাতে বিমানবন্দরে আসেন। বিদায় পর্ব শেষে ডিপার্চার এলাকায় অপেক্ষারত অবস্থায় তাজুল ইসলামের দেওয়া একটি কফি পান করার পর তিনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে এয়ারপোর্ট এপিবিএনের একটি দল দারুসসালাম এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫৫টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ১০টি এয়ারবাড হেডফোন, ১৫টি হাতঘড়ি, চেতনানাশক ট্যাবলেট ও পুরিয়া, এবং নগদ ২ লাখ ২৩ হাজার টাকা সহ বিদেশি মুদ্রা ও অন্যান্য মালামাল উদ্ধার করে।
এই ঘটনায় রবিবার আরাফাত হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম জানান, তারা বাস ও রেলস্টেশনে টার্গেট করা ব্যক্তিদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে এবং চা, কফি বা কোমল পানীয়ের সাথে চেতনানাশক মিশিয়ে তাদের অজ্ঞান করে মালামাল হাতিয়ে নিত। তারা নিজেদের সন্দেহ এড়াতে কখনো কখনো অসুস্থ বা অক্ষম ব্যক্তির অভিনয়ও করত। এছাড়াও, তিনি আরও চার-পাঁচ জন সদস্য নিয়ে একটি গ্যাং তৈরি করেছেন এবং চুরি করা সামগ্রী একটি আবাসিক হোটেলের কক্ষে সংরক্ষণ করতেন বলে স্বীকার করেন।
এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর জানান, বিমানবন্দর এলাকায় অপরাধ দমনে তারা সবসময়ই সক্রিয়। এই ধরনের অপতৎপরতা রোধে এপিবিএন বদ্ধপরিকর এবং তাদের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 

























