নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন কোনো সুনির্দিষ্ট সমাধান ছাড়াই শেষ হয়েছে। সীমান্ত হত্যা বন্ধ, পুশইন রোধ এবং মাদক ও অস্ত্র চোরাচালানের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে বিজিবি প্রতিনিধিদল জোরালো দাবি জানালেও ভারতের পক্ষ থেকে কার্যকর কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি। ফলে সম্মেলনের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা।
প্রথাগত নিয়ম ভেঙে এবার কোনো যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত না হওয়ায় সীমান্ত ইস্যু নিয়ে দুপক্ষের মতপার্থক্য আরও স্পষ্ট হয়েছে। বিজিবি ও বিএসএফ পৃথক বিবৃতি দিলেও তাতে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে সুনির্দিষ্ট কোনো কর্মপদ্ধতির উল্লেখ নেই। অধিকাংশ ক্ষেত্রে ‘যৌথভাবে কাজ করার’ কূটনৈতিক আশ্বাসের মধ্যেই আলোচনা সীমাবদ্ধ থাকায় জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নতুন করে বিশ্লেষণ শুরু করেছে বাংলাদেশ সরকার।
রিপোর্টারের নাম 





















