চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ১৫ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতন্দ্র প্রহরা ও তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার গভীর রাতে নওগাঁ ব্যাটালিয়নের আওতাধীন রোকনপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, রাত ১২টা ৪০ মিনিটের দিকে ভারতের কোটালপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা নদীপথে নৌকাযোগে ১৫ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করেন। এদের মধ্যে আটজন নারী, পাঁচজন শিশু এবং দুইজন পুরুষ ছিলেন। সীমান্তের শূন্যরেখায় বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা দীর্ঘক্ষণ সেখানে আটকা পড়ে থাকেন।
অবশেষে বিজিবির অনড় অবস্থানের মুখে রাত ২টা ৪০ মিনিটের দিকে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়। নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন, সীমান্ত পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে নিয়মিত টহল জোরদার করেছে।
রিপোর্টারের নাম 





















