কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টার দিকে বিমান থেকে নামার সময় সেখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বিমানবন্দর থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। এর আগে সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। সফরের সূচি অনুযায়ী, তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন এবং দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরে নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
দেড় দশকেরও বেশি সময় প্রবাসে থাকার পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। ফেব্রুয়ারির নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে এটিই তার প্রথম কক্সবাজার সফর। বিকেলে চকরিয়ায় এক জনসভায় ভাষণ দেওয়া ছাড়াও সন্ধ্যায় সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ পরিদর্শন এবং সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
রিপোর্টারের নাম 





















