চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক নতুন এবং গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্কের বার্তা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের দ্বিতীয় দিনে দুই নেতার মধ্যে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা সম্পন্ন হয়েছে। সফরের এক পর্যায়ে জিনপিং ট্রাম্পকে চীনের শীর্ষ নেতাদের আবাসস্থল ও ঐতিহাসিক জংনানহাই লিডারশিপ কম্পাউন্ড ঘুরিয়ে দেখান, যা সাধারণ পর্যটক বা কূটনীতিকদের জন্য উন্মুক্ত নয় বললেই চলে।
ঐতিহাসিক এই প্রাঙ্গণে হাঁটার সময় জিনপিং ট্রাম্পকে সেখানকার প্রাচীন ইতিহাস এবং শতবর্ষী বৃক্ষরাজির সঙ্গে পরিচয় করিয়ে দেন। বাগানে ফুটে থাকা দৃষ্টিনন্দন চীনা গোলাপ দেখে মুগ্ধতা প্রকাশ করেন ট্রাম্প। এসময় প্রেসিডেন্ট শি জিনপিং হোয়াইট হাউসের ‘রোজ গার্ডেন’-এর জন্য উপহার হিসেবে সেই গোলাপের বীজ পাঠানোর প্রতিশ্রুতি দেন। ট্রাম্প এই সৌজন্যমূলক উপহারের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং অত্যন্ত সুন্দর বলে অভিহিত করেন।
ব্যক্তিগত আলাপচারিতার পাশাপাশি দুই বিশ্বনেতা বাণিজ্য, ইরান ইস্যু এবং বৈশ্বিক নানা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ট্রাম্প জানান, তারা এমন কিছু জটিল সমস্যার সমাধানে কথা বলেছেন যা দীর্ঘকাল ধরে অমীমাংসিত ছিল। কূটনৈতিক প্রটোকলের বাইরে গিয়ে জংনানহাই প্রাঙ্গণে এই বিরল আয়োজন দুই দেশের সম্পর্কের বরফ গলার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আসন্ন চীন সফর নিয়েও এসময় আলোচনা হয়।
রিপোর্টারের নাম 




















