চট্টগ্রামের লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে আবুল কাশেম (৭০) নামে এক মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের জান মোহাম্মদ পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম স্থানীয় চরম্বা জামিউল উলুম মাদ্রাসার সুপারের দায়িত্বে ছিলেন। এই ঘটনায় তার বোনসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পৈত্রিক জমি ও পুকুর নিয়ে আবুল কাশেমের সঙ্গে তার চাচাতো ভাই শামসুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা গাছের গুঁড়ি দিয়ে আবুল কাশেমের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























