পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৮৯০ সালের রেলওয়ে আইনের বিধান অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে। একটি সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। তিনি জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার বিধান রয়েছে। ৫০ মাইলের বেশি যাত্রার ক্ষেত্রে ওই কামরার সঙ্গে সংযুক্ত শৌচাগারের ব্যবস্থাও থাকার কথা। একই আইনের ১১৯ ধারায় অনুমতি ছাড়া ওই কামরায় প্রবেশ করলে জরিমানার বিধান রয়েছে।
তিনি আরও জানান, এসব বিধান বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন একটি রিট আবেদন করেন। ওই রিটের পর হাইকোর্ট রুল জারি করে জানতে চান—আইনের বিধান অনুযায়ী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক কামরা বরাদ্দ কেন হবে না। সেই বিচারাধীন রুলের শুনানিকালে ঈদযাত্রায় নারীদের ভোগান্তি কমাতে সম্পূরক আবেদন করা হলে আদালত উপরোক্ত নির্দেশ দেন।
রিপোর্টারের নাম 
























