কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ। মঙ্গলবার (১৬ জুন) ৮ এপিবিএনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় গত মে মাসে ব্যাটালিয়নের সার্বিক কল্যাণমূলক কার্যক্রম, অপরাধ পরিস্থিতি এবং তা মোকাবিলায় গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনা করা হয়। ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ তাঁর বক্তব্যে বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত এফডিএমএন সদস্য এবং স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ক্যাম্পের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযানসহ অন্যান্য আভিযানিক কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’ তিনি আরও বলেন, ব্যাটালিয়নের প্রতিটি সদস্যকে শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে পেশাদারিত্বের কোনো বিকল্প নেই।
সভায় ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















