ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। রবিবার মধ্যরাতে রাজ্যের মাহবুবনগর জেলায় একটি দ্রুতগামী স্পোর্টস বাইক ও প্রাইভেটকারের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি প্রাইভেটকার ইউ-টার্ন নেওয়ার সময় অত্যন্ত দ্রুতগতিতে আসা একটি স্পোর্টস বাইক সরাসরি গাড়িটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় বাইকটির গতিবেগ ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, গাড়ি ও বাইক উভয়ই দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর মোটরসাইকেলের দুই আরোহী এবং গাড়ির তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা সবাই মারা যান। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন, যারা প্রাইভেটকারের যাত্রী ছিলেন। তারা হলেন ৩০ বছর বয়সী আরশিয়া বেগম এবং তার দুই ও সাত বছর বয়সী দুই সন্তান। নিহত মোটরসাইকেল চালকের নাম ইয়াকুব আফজাল (২৫), তিনি হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। মোটরসাইকেলের পেছনে থাকা আরেক আরোহীর মৃত্যু হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে সেখানে প্রায়ই অবৈধ বাইক রেসিংয়ের আসর বসে। তারা অভিযোগ করেন, পুলিশ দীর্ঘদিন ধরে এই বিষয়টি দেখেও না দেখার ভান করে আসছিল। বার্তা সংস্থা পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা জানান, বাইক রেসিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রিপোর্টারের নাম 
























