বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হওয়ার আগে মাঠ ও মাঠের বাইরের নানা প্রতিকূলতায় পড়েছে ইংল্যান্ড দল। মেক্সিকো সিটিতে পৌঁছানোর পর থেকেই টমাস টুখেলের শিষ্যদের আবহাওয়া, উচ্চতাজনিত সমস্যা এবং স্থানীয় সমর্থকদের চরম বৈরিতার মোকাবিলা করতে হচ্ছে। ইংল্যান্ড দল যে হোটেলে অবস্থান করছে, সেখানে শুক্রবার থেকেই শত শত মেক্সিকান সমর্থক ভিড় করে দুয়ো ধ্বনি ও স্লোগান দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ ও ন্যাশনাল গার্ড মোতায়েন করতে হয়েছে।
এর আগে ইকুয়েডর দলও মেক্সিকো সিটিতে একই পরিস্থিতির শিকার হয়েছিল, যেখানে সমর্থকরা সারা রাত হর্ন ও লাউড স্পিকার বাজিয়ে খেলোয়াড়দের ঘুমে ব্যাঘাত ঘটিয়েছিল। এমন পরিস্থিতি মোকাবিলায় এবার সতর্ক অবস্থানে রয়েছে ইংল্যান্ডের মেডিকেল ও ব্যাকরুম স্টাফরা। খেলোয়াড়দের বিশ্রামের জন্য হোয়াইট নয়েজ মেশিন, ইয়ার প্লাগ এবং বিশেষ স্লিপ ব্যান্ডের ব্যবস্থা করা হয়েছে। দলের আক্রমণাত্মক মিডফিল্ডার মরগান রজার্স এই পরিস্থিতিতে নিজের বিরক্তি প্রকাশ করে বলেছেন, এসব বাধা তাদের জন্য নতুন চ্যালেঞ্জ, তবে তারা লড়াইয়ের জন্য প্রস্তুত।
মেক্সিকো সিটির ভৌগোলিক অবস্থান ও সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা খেলোয়াড়দের শারীরিক সক্ষমতার ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার ভোরে শুরু হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচের আগে ফুটবলীয় কৌশলের পাশাপাশি অদৃশ্য এসব বাধার বিরুদ্ধে জয়ী হওয়াই এখন ইংলিশদের জন্য বড় পরীক্ষা।
রিপোর্টারের নাম 






















