ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়ার মোনামি। তিনি একটি পোস্টে এই তথ্য জানান, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে প্রক্টর পদ থেকে অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেন। পরবর্তীতে চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক মোনামি তার পোস্টে জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনও প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না। তবে তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের আহ্বানে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব নিতে সম্মত হন। তিনি বলেন, একজন তরুণ শিক্ষক হিসেবে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া তার জন্য ছিল অত্যন্ত সম্মানের।
তিনি তার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, গত দুটি বছর সাইফুদ্দীন স্যারের কাছে থেকে শিখেছেন কীভাবে একজন প্রক্টরকে ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি হাসিমুখে সামলাতে হয় এবং আত্মসম্মান সমুন্নত রাখতে হয়। তিনি আরও উল্লেখ করেন, ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা ও মমতায় তিনি শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন, এবং তার টিম মেম্বার হিসেবে তারাও একই চেষ্টা করেছেন। মোনামি ইঙ্গিত দেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর ও তার টিম হয়তো এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হননি এবং ভবিষ্যতেও হবেন না।
রিপোর্টারের নাম 

























