ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) পরিদর্শন করেছে চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। একাডেমিক সহযোগিতা, গবেষণা অংশীদারত্ব এবং আন্তর্জাতিক সম্পৃক্ততার নতুন সুযোগ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে চীনের টংজি ইউনিভার্সিটি, সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস), ইউনান ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব ঢাকার কনফুসিয়াস ইনস্টিটিউট ও সেন্টার ফর চায়না স্টাডিজের সঙ্গে সংশ্লিষ্ট এই প্রতিনিধিদল ইউল্যাব ক্যাম্পাসে আসে।
পরিদর্শনকালে চীনা প্রতিনিধিদলটি ইউল্যাব ক্যাম্পাস ঘুরে দেখে এবং ইউল্যাব সংস্কৃতি সংসদ আয়োজিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের বোর্ড কক্ষে একটি আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং চীনা প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। ১১ সদস্যবিশিষ্ট এই প্রতিনিধিদলে ছিলেন এসআইআইএস’র প্রেসিডেন্ট ও সিসিএস একাডেমিক বোর্ডের চেয়ারম্যান চেন দোংশিয়াও এবং সিনিয়র রিসার্চ ফেলো ও সাউথ এশিয়া স্টাডিজ বিভাগের পরিচালক লিউ জংইসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা সভায় ইউল্যাবের ইতিহাস, অর্জন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি যৌথ গবেষণা, একাডেমিক সহযোগিতা ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। চীনা প্রতিনিধিদলও যৌথ গবেষণা, একাডেমিক কর্মসূচি এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রমে ইউল্যাবের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে।
রিপোর্টারের নাম 

























