সমাজ কখনও স্থির থাকে না, বরং ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, ধর্মীয় আচার এবং বৈশ্বিক প্রভাবের মধ্য দিয়ে নিরন্তর পরিবর্তিত হয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়; এদেশের সামাজিক জীবন এক ব্যাপক ও বহুমাত্রিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে। ১৯৫০-এর দশকে যে সমাজ ছিল সম্প্রদায়ভিত্তিক, নৈতিকতানির্ভর ও পারস্পরিক সহযোগিতায় পরিচালিত, আজ তা অনেক ক্ষেত্রেই ব্যক্তিকেন্দ্রিকতা, মূল্যবোধের অবক্ষয় এবং সামাজিক বিচ্ছিন্নতার দিকে ধাবিত হয়েছে।
১৯৪৭ সালের ভারত বিভাজন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী অর্থনৈতিক বৈশ্বায়ন—এসব ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের সামাজিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করেছে। ১৯৪৭ সালে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে রাষ্ট্র ভাগ হলেও ভাষা ও সংস্কৃতির প্রশ্নে পূর্ব বাংলার জনগোষ্ঠীর মধ্যে মেরুকরণ ঘটে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন একটি ‘ইমাজিনড কমিউনিটি’ নির্মাণ করে, যেখানে ভাষা সামাজিক সংহতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এটি এক স্বতন্ত্র জাতিসত্তা নির্মাণের শক্তিশালী উদাহরণ, যা ছাত্রসমাজ, নারী ও শ্রমজীবী মানুষের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে সামাজিক গতিশীলতাকে ত্বরান্বিত করে। বাংলা ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং সামাজিক সংহতি, সাংস্কৃতিক আত্মপরিচয় ও রাজনৈতিক অধিকার আদায়ের প্রতীকে পরিণত হয়। একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরি, শহীদ মিনার, একুশের গান ও সাহিত্য—এসব সামাজিক কর্ম ও রচনার মাধ্যমে জাতীয় ঐক্য পুনর্গঠিত হয়। মুক্তিযুদ্ধ এই ‘ইমাজিনড কমিউনিটি’কে আরও দৃঢ় করে একটি রাষ্ট্রীয় কাঠামোতে রূপান্তর করে।
১৯৫০-এর দশকের বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছিল মূলত কৃষিনির্ভর, গ্রামীণ এবং সম্প্রদায়কেন্দ্রিক একটি সমাজ। গ্রামের মোড়ল, মসজিদ-মন্দির এবং লোকাচার ছিল সামাজিক নিয়ন্ত্রণের প্রধান মাধ্যম। সে সমাজে ব্যক্তির পরিচয় নির্ধারিত হতো তার পরিবার, বংশ ও গ্রামের মাধ্যমে। লজ্জা, মান-সম্মান এবং সম্প্রদায়ের বিচার মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করত। পরবর্তীকালে অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যকে ঘিরে ১৯৭১ সালে সংঘটিত মুক্তিযুদ্ধ বাংলাদেশের সামাজিক জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে, যা দেশের সামাজিক পরিবর্তনকে আরও ত্বরান্বিত করেছে।
রিপোর্টারের নাম 
























