রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় কিশোরগঞ্জের এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। নিহত রিয়াদ রশিদ (২৮) জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি পাঁচ ভাইবোনের মধ্যে চতুর্থ ছিলেন।
নিহতের পিতা ও জাফরাবাদ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদ জানান, শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে রাশিয়ায় অবস্থানরত রিয়াদের বন্ধু লিমন দত্ত ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে এই মৃত্যুর সংবাদটি জানান। লিমন জানায়, গত ২ মে রুশ সীমান্তে ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলা চালালে রিয়াদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয় নিহত হন এবং তিনজন আহত হন।
রিয়াদের পরিবারকে লিমন আরও জানায় যে, রিয়াদ ও লিমন গত ৭ এপ্রিল রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। রিয়াদের ব্যাচ নম্বর ছিল ৭৩৫। ওই ড্রোন হামলায় লিমন একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রিয়াদের চাচাতো ভাই জহিরুল ইসলাম বলেন, রিয়াদ গত বছরের অক্টোবরে একটি কোম্পানির কাজের সূত্রে রাশিয়ায় যান। তবে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, এই বিষয়টি তাদের জানা ছিল না। গত ২৮ এপ্রিল পরিবারের সঙ্গে রিয়াদের শেষ কথা হয়েছিল এবং ২৯ এপ্রিল রাত ১০টা পর্যন্ত তাকে মেসেঞ্জারে অনলাইনে দেখা গিয়েছিল।
করিমগঞ্জ থানার ওসি এমরানুল কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ রিয়াদ রশিদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে, সরকারিভাবে এ ঘটনার কোনো তথ্য তাদের কাছে নেই। ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 


















