ফুটবল বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে কলম্বিয়ান পপ তারকা শাকিরার নাম যেন অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলা এই শিল্পী আবারও ফিরছেন ২০২৬ বিশ্বকাপের মঞ্চ কাঁপাতে। আসন্ন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপের জন্য শাকিরার গাওয়া একটি নতুন অফিশিয়াল গান প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে।
শাকিরার নতুন এই গানের শিরোনাম ‘দাই দাই’। জনপ্রিয় এই শিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে গানটির এক ঝলক প্রকাশ করেছেন। নাইজেরিয়ান গায়ক বার্না বয় এই গানে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন। আগামী ১৪ মে গানটি পূর্ণাঙ্গভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে শাকিরার জনপ্রিয় গান ‘হিপস ডোন্ট লাই’ এবং ‘হোয়েনএভার হোয়্যারএভার’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ৪৮ দলের এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে ভক্তদের মাঝে এখনই টানটান উত্তেজনা বিরাজ করছে। শাকিরার দেশ কলম্বিয়াও এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করছে। এখন দেখার বিষয়, ১৪ মে মুক্তি পেতে যাওয়া এই নতুন গানটি ফুটবল প্রেমীদের হৃদয়ে আগের মতোই জায়গা করে নিতে পারে কি না।
রিপোর্টারের নাম 

























