ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে দেশের বাইরে ব্যস্ত সময় কাটালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে পুরনো দিনের মধুর স্মৃতিতে ডুব দিয়েছেন এই তারকা।

নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে থাইল্যান্ডের ক্রাবিতে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিতে তাকে হালকা নীল রঙের পোশাকে সমুদ্রের মাঝে একটি নৌকায় বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। সমুদ্রের নীল জলরাশির সঙ্গে প্রভার এই স্নিগ্ধ উপস্থিতি নেটিজেনদের বেশ নজর কেড়েছে। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সমুদ্র আর আমি; পুরনো স্মৃতিতে হারিয়ে গেছি, যেখানে প্রতিটি ঢেউকে একটি বিস্মৃত গানের মতো মনে হয়।’
ব্যস্ত জীবনের ফাঁকে তিনি মূলত ফিরে গেছেন থাইল্যান্ডের সেই ‘ফোর আইল্যান্ড বোট ট্রিপ’-এর স্মৃতিতে। প্রভার এই রূপ ও লড়াকু জীবনযাত্রার প্রশংসায় মেতেছেন তার ভক্ত-অনুরাগীরা। তার পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন, ‘লাইফস্টাইল দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুমি।’ অন্য একজন লিখেছেন, ‘চমৎকার দৃশ্য এবং সুন্দর গান।’

সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ভার্সন জেড’, ‘হানিমুন’, ‘ধুপ ছায়া’, ‘লাকি থার্টিন’, ‘খুনসুটি’ ইত্যাদি। বর্তমানে প্রবাস জীবনে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সরব উপস্থিতি ভক্তদের সবসময়ই আন্দোলিত করে।
রিপোর্টারের নাম 
























