বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ শ্রদ্ধা নিবেদন করেছে দেশের জনপ্রিয় ব্যান্ড সৌলস। তাদের পরিবেশনায় রবীন্দ্রনাথের জনপ্রিয় গান ‘মেঘ বলেছে যাবো যাবো এবার’ নতুন আঙ্গিকে প্রকাশ পেয়েছে, যেখানে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডটির অন্যতম সদস্য পার্থ বড়ুয়া। গানটি সম্প্রতি ব্যান্ডের ইউটিউব চ্যানেল ও স্পটিফাইতে উন্মুক্ত করা হয়েছে।
গানটি প্রসঙ্গে ব্যান্ডের কিবোর্ডিস্ট মীর মাসুম জানান, এই গানটি নিয়ে তাদের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। তারা সবাই মিলে অত্যন্ত যত্ন সহকারে এবং স্বরলিপি পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করে গানটি তৈরি করেছেন।
ব্যান্ডের ৫০ বছর পূর্তি উপলক্ষে সৌলস আনপ্লাগড ৯টি গান প্রকাশ করছে, যার মধ্যে তিনটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানাতে এই গানগুলোর প্রচারে সাময়িক বিরতি আনা হয়েছে। আগামী সপ্তাহ থেকে ফের প্রতি সপ্তাহে একটি করে গান প্রকাশ করা হবে। এই ধারাবাহিকতায় সামনেই তাদের কালজয়ী গান ‘মন শুধু মন ছুঁয়েছে’ নতুন করে শ্রোতাদের সামনে আসছে।
মীর মাসুম সৌলস ব্যান্ডের বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানান, তাদের ব্যান্ডে নতুন ড্রামার অভিজিৎ সেনগুপ্ত যুক্ত হয়েছেন। তার সঙ্গে নিয়মিত জ্যামিং চলছে এবং গত দুই মাসে তারা একাধিক কনসার্টে অংশ নিয়েছেন। সামনেও তাদের দেশ-বিদেশে বিভিন্ন শো রয়েছে। সব মিলিয়ে সৌলস এখন দারুণ ব্যস্ত সময় পার করছে। ব্যান্ড সংশ্লিষ্টরা আশা করছেন, রবীন্দ্রনাথের জন্মদিনে প্রকাশিত এই গানটি শ্রোতাদের মাঝে নতুন করে সাড়া ফেলবে।
রিপোর্টারের নাম 
























