আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ দীর্ঘ পাঁচ বছর পর তার নতুন নির্মাণ নিয়ে ফিরেছেন। সাদ-এর নতুন মিনি সিরিজ ‘অ্যানি’ এবার বিশ্বের অন্যতম প্রভাবশালী সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে। এই মিনি সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। জার্মানির কোলন শহরে অনুষ্ঠেয় এই উৎসবে আগামী ৯ জুন সিরিজটি প্রদর্শিত হবে।

সিরিজটির প্রযোজক এহসানুল হক মনে করেন, এ অর্জনের মাধ্যমে বাংলাদেশের নির্মাতাদের জন্য আন্তর্জাতিক সিরিজের বাজারে একটি বড় সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ‘সেরিয়েনক্যাম্প’ মূলত সিরিজকেন্দ্রিক ইউরোপের একটি এক্সক্লুসিভ প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বজুড়ে নির্মাতা ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর বড় মিলনমেলা ঘটে।

‘অ্যানি’ একটি ডিস্টোপিয়া ঘরানার ‘চেম্বার ড্রামা’। গল্পের প্রেক্ষাপটে দেখা যায়, একটি ছোট শহরের নার্স অ্যানি তার পাঁচ ভাইবোনকে বড় করার সংগ্রামে লিপ্ত। এরই মধ্যে পৃথিবীতে এক অদ্ভুত অসুখ ছড়িয়ে পড়ে, যা পুরুষদের মধ্যে নারীদের প্রতি নিয়ন্ত্রণহীন ঘৃণা তৈরি করে।

এই ‘হেইট প্যান্ডেমিক’ বা ঘৃণা মহামারির মধ্যে অ্যানি এক নৃশংস হামলার শিকার হয়, যা তাকে আমূল বদলে দেয়। নিজের ভেতরের ঘৃণা ও পারিপার্শ্বিক সহিংসতার সঙ্গে লড়তে লড়তে অ্যানি হয়ে ওঠে প্রতিশোধপরায়ণ। সাদের আগের কাজগুলোর মতোই এখানেও নারী-পুরুষ সম্পর্কের ভেতরের অবিশ্বাস ও অসমতার জটিল বিষয়গুলো ফুটে উঠেছে।

সিরিজটিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে অভিনেতা ইয়াশ রোহান ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, ‘অ্যানি’ তাকে অভিনেতা এবং মানুষ—উভয় হিসেবেই ভেতর থেকে বদলে দিয়েছে। সিরিজটিতে আরও অভিনয় করেছেন সাইমন সাদিক, সারিকা সাবরিন ও ফারহানা মিঠু। ‘মেট্রোভিডিও’, ‘ক্যাটালগ’, ‘জিরেল’ ও ‘অডেশাস অরিজিনালস’–এর ব্যানারে এটি যৌথভাবে প্রযোজনা করেছেন একদল তরুণ ও দক্ষ প্রযোজক।

আবদুল্লাহ মোহাম্মদ সাদ এর আগে ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ দিয়ে আন্তর্জাতিকভাবে নজর কাড়েন। এরপর ২০২১ সালে তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়ে বাংলাদেশের সিনেমার ইতিহাসে নতুন এক মাইলফলক তৈরি করেছিল।

এবার তার প্রথম সিরিজ ‘অ্যানি’ বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।
রিপোর্টারের নাম 























