মার্কিন নৌবাহিনীর কঠোর নজরদারি এড়িয়ে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালিতে প্রবেশ করেছে ইরানের দ্বিতীয় একটি বিশালাকার তেলবাহী জাহাজ (ভিএলসিসি)। জাহাজ চলাচলের গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্যাংকারট্র্যাকার্স ডটকম’ এই তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে জাহাজটি ইন্দোনেশীয় জলসীমা অতিক্রম করে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ট্যাংকারট্র্যাকার্স জানায়, ‘দেরিয়া’ নামের এই জাহাজটি বর্তমানে লম্বক প্রণালি অতিক্রম করছে। এর আগে গত এপ্রিলের মাঝামাঝি সময়ে জাহাজটি প্রায় ১৮ লাখ ৮০ হাজার ব্যারেল ইরানি অপরিশোধিত তেল নিয়ে ভারতে খালাসের চেষ্টা করে ব্যর্থ হয়েছিল।
সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, ভারতে তেল খালাসে ব্যর্থ হওয়ার পর জাহাজটি দক্ষিণ দিকে যাত্রা শুরু করে। ওই সময় মার্কিন নৌবাহিনী ওই অঞ্চলে থাকা ইরানের সমগোত্রীয় অন্যান্য জাহাজকে নিজ দেশে ফিরে যেতে বাধ্য করছিল। তবে ‘দেরিয়া’ সেই প্রতিবন্ধকতা এড়িয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের নির্ধারিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।
এর মাত্র একদিন আগে ১৯ লাখ ব্যারেল তেলবাহী ‘হিউজ’ নামে ইরানের আরও একটি সুপারট্যাংকার একইভাবে মার্কিন নৌবাহিনীকে ফাঁকি দিয়ে লম্বক প্রণালিতে প্রবেশ করেছিল। ট্র্যাকিং ফার্মটির তথ্যমতে, গত এপ্রিলে ইরান থেকে তেল নিয়ে মোট ২৫টি ট্যাংকার যাত্রা শুরু করে। এর মধ্যে সাতটিকে মার্কিন নৌবাহিনী ফেরত পাঠায় এবং দুটি জব্দ করে। বাকি জাহাজগুলো সফলভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।
রিপোর্টারের নাম 




















