সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, চিকিৎসকদের পেশাটি সাধারণ মানুষের সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ করে দেয়। তাই কেবল চিকিৎসা সেবায় সীমাবদ্ধ না থেকে সমাজ উন্নয়নেও তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি মনে করেন, জনগণের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে চিকিৎসকরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী তার বক্তব্যে ২০২৪ সালের গণআন্দোলনসহ দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে চট্টগ্রামের মানুষের বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। তিনি আরও জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দারিদ্র্য বিমোচন ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং স্বল্প সময়েই এতে দৃশ্যমান সাফল্য অর্জিত হয়েছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমানে সরকারি স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে পিএসসির মাধ্যমে সারা দেশে চিকিৎসকদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চারজন কৃতি চিকিৎসককে তাদের বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।
রিপোর্টারের নাম 























