পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের রাজনীতিতে মুসলিম ভোটাররা বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ২৭ শতাংশ মানুষ এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাদের প্রভাব এতটাই বেশি যে, সেখানে জয়-পরাজয় নির্ধারিত হয় তাদের ভোটেই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে অন্তত ৮৮টি আসনে মুসলিম ভোটারদের সংখ্যা ৩০ শতাংশের বেশি। গত ২০২১ সালের নির্বাচনে দেখা গেছে, মুসলিম অধ্যুষিত ৮৫টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৭৫টিতেই জয়লাভ করেছিল। এতে স্পষ্ট হয় যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই গোষ্ঠীর বড় ধরনের সমর্থন রয়েছে।
অন্যদিকে, বিজেপি এই ভোটব্যাংককে বিভক্ত করার চেষ্টা করলেও তাদের মূল লক্ষ্য থাকে হিন্দু ভোট একত্রিত করা। সাম্প্রতিক সময়ে অনুপ্রবেশ এবং জনসংখ্যা পরিবর্তনের মতো বিষয়গুলো নির্বাচনি প্রচারণায় প্রাধান্য পাওয়ার পেছনেও রয়েছে এই রাজনৈতিক মেরুকরণ। তবে ভোটার তালিকা সংশোধনের মতো বিষয়গুলো নিয়ে মুসলিম ভোটারদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, যা এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে পারে।
রিপোর্টারের নাম 




















