গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা করা একটি আন্তর্জাতিক নৌবহর থেকে আটক দুই বিদেশি কর্মীকে আজ ইসরাইলি আদালতে হাজির করার কথা রয়েছে। একটি ইসরাইলি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ফ্রান্স, স্পেন ও ইতালি থেকে যাত্রা শুরু করা এই ত্রাণবহরে ৫০টিরও বেশি নৌযান ছিল। গাজায় ইসরাইলি অবরোধ ভেঙে খাদ্য ও জরুরি ওষুধ পৌঁছে দেওয়াই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। তবে গত বৃহস্পতিবার গ্রিসের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনী এই বহরটি আটকে দেয়।
ইসরাইলি বাহিনীর ভাষ্যমতে, ওই বহর থেকে অন্তত ১৭৫ জন কর্মীকে সরিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে স্পেনের নাগরিক সাইফ আবু কেশেক এবং ব্রাজিলের থিয়াগো অ্যাভিলোকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরাইলে নিয়ে যাওয়া হয়। আজ তাদের আশকেলন শহরের একটি আদালতে হাজির করার কথা রয়েছে।
মানবাধিকার সংগঠন ‘আদালাহ’-এর আন্তর্জাতিক অ্যাডভোকেসি সমন্বয়ক মিরিয়াম আজেম জানিয়েছেন, আটক দুই কর্মীকে এখনো আদালতে তোলা হয়নি। তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই পরিস্থিতির ওপর নজর রাখছেন।
রিপোর্টারের নাম 
























