সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার জনগণের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের ১৮ কোটি মানুষের কল্যাণ নিশ্চিত করাই এই সরকারের মূল লক্ষ্য।
শুক্রবার রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা ও জাতিসংঘ বৈশাখ ডে-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি ও অন্যায়ের ঊর্ধ্বে থেকে কাজ করতে পারলে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব।
গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের দর্শনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আজকের অশান্ত বিশ্বে বুদ্ধের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। হিংসা-বিদ্বেষ ভুলে মৈত্রী ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হতে পারলে বিশ্ব থেকে যুদ্ধ ও সংঘাত দূর করা সম্ভব। তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করছে এবং সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৌদ্ধ সম্প্রদায়ের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে ডা. জাহিদ হোসেন বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে প্রতিটি নাগরিকের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। বুদ্ধের ‘সকল প্রাণী সুখী হোক’ এই অমর বাণীকে ধারণ করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ার আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 
























