জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তেল নেওয়ার সময় লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধের জেরে এক ফিলিং স্টেশনে হট্টগোল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার লাবণী ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই কালবৈশাখী ঝড় উপেক্ষা করে মোটরসাইকেল চালক ও কৃষকরা ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য ভিড় করেন। দুপুরে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ও স্টেশনের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং কিছু সময়ের জন্য তেল বিক্রি বন্ধ রাখা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের উপস্থিতিতে তেল বিক্রি পুনরায় শুরু হয়। ভ্রাম্যমাণ আদালত রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় চার চালককে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
রিপোর্টারের নাম 























