শিল্পী রাজিব আহসেনের প্রথম একক চিত্র প্রদর্শনী ‘এমব্রেস অব দি আর্থ’ আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে শিল্পী প্রফেসর জামাল আহমেদ উপস্থিত থাকবেন। এই প্রদর্শনী চলবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত এবং প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, ‘এমব্রেস অব দি আর্থ’ একটি গভীর ব্যক্তিগত ও আবেগঘন শিল্প উপস্থাপনা, যা স্মৃতি, স্থান ও রূপান্তরের অভিজ্ঞতার ভেতর থেকে নির্মিত। জলরং ও অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা প্রায় ৩৬টি চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনীটি গ্রামীণ জীবনের অন্তরঙ্গতা এবং নগরজীবনের পরিবর্তিত বাস্তবতার মধ্যে একটি দৃশ্যমান সেতুবন্ধ তৈরি করবে।
শৈশব ও কৈশোরে গ্রামের মাটির পথ, শান্ত খাল-বিল, বিস্তীর্ণ নদীর পাড় এবং কৃষিনির্ভর জীবনের ছন্দের মধ্যে বেড়ে ওঠা রাজিব আহসেন শিল্পচর্চায় কৃত্রিম বয়ানের পরিবর্তে জীবনের বাস্তব অভিজ্ঞতাকেই প্রধান উৎস হিসেবে গ্রহণ করেছেন। সাধারণ মানুষের জীবন ও তাদের সরল সৌন্দর্য তার শিল্পভাষাকে স্বতঃস্ফূর্তভাবে নির্মাণ করেছে। এই উপাদানগুলো শিল্পীর কাজে সচেতনভাবে নির্ধারিত বিষয় হিসেবে নয়, বরং সময়ের সঙ্গে গভীরে প্রোথিত অনুভূতি রূপে প্রকাশিত হয়েছে।
প্রদর্শনীর চিত্রকর্মগুলোতে শিল্পী গ্রামীণ জীবনের উন্মুক্ততা ও প্রাণশক্তি থেকে নগরজীবনের কাঠামোবদ্ধ এবং কখনো কখনো বেসুরো গতিতে তার ধীরে ধীরে অগ্রযাত্রার অভিজ্ঞতা তুলে ধরেছেন। তার চিত্রকর্মে সংবেদনশীলভাবে এই পরিবর্তন ধরা পড়ে, যেখানে নস্টালজিয়া, অভিযোজন ও পরিচয়ের বিষয়গুলো একে অপরের সঙ্গে মিশে যায়। প্রাণবন্ত তুলির আঁচড়, স্তরবিন্যাসপূর্ণ টেক্সচার এবং আলো-রঙের সূক্ষ্ম ব্যবহারে প্রতিটি কাজ স্মৃতি ও বর্তমানের এক অনন্য মেলবন্ধন তৈরি করে।
রাজিব আহসেনের শিল্পচর্চা তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং স্থান ও স্মৃতির সঙ্গে গভীর সংযোগ দ্বারা প্রভাবিত। তিনি ঢাকা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ষষ্ঠ ফ্রেন্ডশিপ আর্ট এক্সিবিশন ও সপ্তম কাহাল ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশনের পাশাপাশি জাপানের টোকিওতে অনুষ্ঠিত অষ্টম কাহাল ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ারেও অংশ নিয়েছেন।
রিপোর্টারের নাম 
























