বন্দরনগরী চট্টগ্রামে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নিয়মিত গণশুনানি কার্যক্রম সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অসহায় ও দরিদ্র মানুষের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়ায় এটি এখন অনেকের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে। বুধবারের গণশুনানিতেও বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের অভাব-অভিযোগ শুনে আর্থিক ও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন জেলা প্রশাসক।
এদিন ১৫ দিনের অসুস্থ শিশুকে নিয়ে হাজির হওয়া এক স্বামী পরিত্যক্তা নারীকে চিকিৎসার জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া কিডনি ও ক্যান্সারে আক্রান্ত সাবেক এক গার্মেন্টস কর্মী এবং চোখের জটিল রোগে ভোগা এক শিশুর চিকিৎসায় সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। সীতাকুণ্ড ও মীরসরাই থেকে আসা অসহায় ও পঙ্গু ব্যক্তিদেরও জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা কেবল অভিযোগ শুনছেন না, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করছেন। অনেক ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর থেকে অতিরিক্ত সহায়তা পাওয়ার ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। প্রশাসনের এমন জনবান্ধব উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সেবা নিতে আসা ভুক্তভোগীরা।
রিপোর্টারের নাম 

























