২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরুর আগেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছে ইংল্যান্ড। কানসাস সিটিতে দলের বেস ক্যাম্পে পৌঁছানোর পূর্বেই তাদের অনুশীলন সরঞ্জাম চুরি হয়ে গেছে, যার মধ্যে খেলোয়াড়দের বুট এবং টুর্নামেন্টের অফিশিয়াল প্রশিক্ষণ বলও রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইংল্যান্ড দলের ব্যবহারের জন্য নির্ধারিত বেশ কিছু সরঞ্জাম কানসাস সিটির সোপ সকার ভিলেজ থেকে গায়েব হয়ে গেছে। এই ঘটনার পর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ঠিক কোন কোন সামগ্রী চুরি হয়েছে, তা নিরূপণের কাজ করছে। দ্য গার্ডিয়ান সূত্রে জানা গেছে, চুরি হওয়া জিনিসের তালিকায় কয়েকজন তারকা ফুটবলারের ব্যক্তিগত বুটও অন্তর্ভুক্ত। এছাড়াও, অফিশিয়াল টুর্নামেন্ট বল এবং অনুশীলনের অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামও নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।
তবে, এই বিষয়ে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। স্থানীয় পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং এফএর সঙ্গে সমন্বয়কারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন। বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্যান্য দলের তুলনায় কিছুটা বিলম্বে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইংল্যান্ড। কোচ টমাস টুখেলের অধীনে দল আগামী শনিবার তাদের বেস ক্যাম্পে প্রথম অনুশীলনে নামার কথা রয়েছে। আগামী বুধবার দিবাগত রাত ২টায় ইংল্যান্ড তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে। ‘এল’ গ্রুপে তাদের প্রথম প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। একই গ্রুপে রয়েছে ঘানা ও পানামা। ১৯৬৬ সালে নিজেদের একমাত্র বিশ্বকাপ শিরোপা জয়ের পর দীর্ঘ ৬০ বছর ধরে অপেক্ষারত ইংল্যান্ড এবার নতুন কোচের অধীনে তাদের দীর্ঘদিনের আক্ষেপ ঘোচানোর স্বপ্ন নিয়ে বিশ্বমঞ্চে অবতীর্ণ হচ্ছে। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে এই চুরির ঘটনা তাদের প্রস্তুতিতে কিছুটা হলেও ব্যাঘাত ঘটিয়েছে।
রিপোর্টারের নাম 



















