চাঁদপুর শহরের কেন্দ্রস্থলে একটি টিনশেড গুদামে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে পরিচালিত একটি অবৈধ পলিথিন কারখানার সন্ধান পেয়েছে পরিবেশ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শহরের স্বর্ণখোলা রোডে হরিজন কলোনির পাশে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে কারখানাটি থেকে ১ হাজার ৭৭৪ কেজি নিষিদ্ধ পলিথিন এবং পলিপ্রোপিলিন (পিপি) দানা জব্দ করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ দিন ধরে জনচক্ষুর আড়ালে এখানে পলিথিন উৎপাদন করে চাঁদপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ করা হচ্ছিল।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ কাঁচামাল ও প্রস্তুতকৃত পলিথিন জব্দ করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























