কুমিল্লার মেঘনা উপজেলায় রাজনীতি ও পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রশস্ত্রের ব্যবহার এবং প্রতিপক্ষের একটি ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি সোমবার বিকেলে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপিপন্থী সালাম গ্রুপ এবং রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের মনোয়ার মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবারের একটি হাতাহাতির ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং মঙ্গলবার বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগ সমর্থিত মনোয়ার মেম্বার গ্রুপের লোকজন বিএনপিপন্থি সালাম মিয়ার একটি বিল্ডিং ও বসতঘরে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ রয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাসান জানিয়েছেন, শমলা বেগম (৫৫) নামে এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্য আহতরা এখনো হাসপাতালে আসেননি। চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, পূর্বশত্রুতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংঘর্ষে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিষয়টি পূর্বশত্রুতার জেরে ঘটেছে বলে পুলিশ জেনেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 























