হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র মঞ্জুর মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামের জয়নাল মিয়া ও রাফি আহমদ। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, কলেজছাত্র খুনের ঘটনার পরপরই অপরাধীদের ধরতে পুলিশি তৎপরতা শুরু হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, জায়গা দখলকে কেন্দ্র করে সংঘটিত এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল।
রিপোর্টারের নাম 

























