কৃষি ও মৃত্তিকা বিজ্ঞানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদাপূর্ণ ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-এর উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এই অর্জন তাঁর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশের কৃষি গবেষণা ও টেকসই উন্নয়নের জন্য এক গর্বের বিষয়।
গত শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের হাতে এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে কৃষি, শিক্ষা, শিল্প, সাংবাদিকতা, সাহিত্যসহ মোট ১২টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখা দেশের ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়। ‘হুজ হু বাংলাদেশ’ এর প্রধান নির্বাহী নাজিনুর রহিম এবং সম্পাদক লুৎফুন নাহার তাপসীসহ দেশের নানা অঙ্গনের বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন।
রোববার (১৯ এপ্রিল) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রনি ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এই পুরস্কার অর্জন প্রসঙ্গে উপাচার্য ড. মোস্তাফিজুর রহমান বলেন, “এই সম্মাননা কেবল আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশের কৃষি, গবেষণা ও জ্ঞানচর্চার প্রতি একটি আন্তর্জাতিক স্বীকৃতি। আমি ‘হুজ হু বাংলাদেশ’ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে গভীর কৃতজ্ঞতা জানাই। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আমার বিশ্বাস, টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গবেষণাভিত্তিক উদ্যোগই হতে পারে আমাদের ভবিষ্যতের মূল শক্তি। আমরা সবাই মিলে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে পারি এই প্রত্যয় নিয়েই কাজ করে যেতে চাই।”
প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বাংলাদেশের পরিবেশগত মৃত্তিকা বিজ্ঞানে একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি ২০০৪ সালে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দিয়ে ২০০৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক (১৯৮৮) ও মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর (১৯৯৩) সম্পন্ন করেন এবং জাপানের চিবা বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের আমন্ত্রণসহ আন্তর্জাতিক পরিসরে তাঁর গবেষণা বিশেষভাবে স্বীকৃত ও প্রশংসিত।
রিপোর্টারের নাম 























