জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম আজাদ ‘জুলাই যুদ্ধ’কে ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনের একটি অংশ হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জননেতা তারেক রহমান। এমপি আজাদ বলেন, তিনি নিজেও একজন সক্রিয় ‘জুলাই যোদ্ধা’ এবং এই আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন।
তিনি আরও বলেন, খেলার প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল না খেলে সরাসরি ফাইনাল খেলে জিতে যাওয়ার মতো নয়। আমাদের মনে রাখতে হবে, জুলাই যুদ্ধ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনেরই একটি অংশ, যার নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান।
আলোচনায় অংশ নিয়ে চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহম্মেদ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ জনবান্ধব কর্মসূচিগুলোর উদ্যোগ গ্রহণ করায় বিরোধী দলের সংসদ সদস্যদের ‘গাত্রদাহ’ নিয়ে প্রশ্ন তোলেন। যদিও ডেপুটি স্পিকার কায়সার কামাল ‘গাত্রদাহ’ শব্দটি এক্সপাঞ্জ করেন।
নওগাঁ-১ আসনের সদস্য মো. মুস্তাফিজুর রহমান তার নির্বাচনী এলাকার সুস্বাদু আমের প্রশংসা করেন এবং সাপাহারকে ‘আমের রাজধানী’ হিসেবে উল্লেখ করেন। তিনি আমচাষীদের উন্নতির জন্য আম সংরক্ষণের হিমাগার, গবেষণাগার ও আমভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবি জানান।
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু হওয়ার কথা উল্লেখ করে বলেন, অসহায় মহিলারা এই কার্ডের প্রতি অত্যন্ত আকৃষ্ট। তিনি বিদ্রুপকারীদের এখন লজ্জা পাওয়ার কথা স্মরণ করিয়ে দেন।
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম প্রয়াত জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ঘোষণা না করলে এবং সরাসরি মুক্তিযুদ্ধে অংশ না নিলে বাংলাদেশ স্বাধীন হতো না।
রিপোর্টারের নাম 

























