ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর মূল্য আকস্মিক বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মূল্যবৃদ্ধিকে জনজীবন দুর্বিষহ করে তোলার কারণ হিসেবে উল্লেখ করেছেন এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, গত ১৯ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২১২ টাকা বাড়িয়ে ১,৯৪০ টাকা নির্ধারণ করেছে। এর আগে চলতি মাসের ২ তারিখেও এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১,৭২৮ টাকা করা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে পরপর দুই দফা এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করবে।
তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি তেলের দামও ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এমন পরিস্থিতিতে এলপিজির মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য অপরিহার্য রান্নার জ্বালানির খরচ বাড়িয়ে দেবে, যা তাদের জীবনযাত্রার ব্যয় আরও কঠিন করে তুলবে। জামায়াত এই সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
দলটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে এই অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























