কম্বোডিয়ায় অনিয়মিতভাবে বা অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার। আগামী ৩০ এপ্রিলের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় কোনো আইনি জটিলতা ছাড়াই তারা দেশে ফেরার সুযোগ পাবেন। ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানিয়েছে, মূলত যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে কিংবা যারা বিভিন্ন স্ক্যাম সেন্টারে কাজ করছেন, তাদের কথা বিবেচনা করেই এই সাধারণ ক্ষমা বা সুযোগ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যারা দেশে ফিরবেন, তাদের ওভারস্টে বা অতিরিক্ত অবস্থানের জন্য দেওয়া জরিমানা মওকুফ করা হবে। এছাড়া যাদের পাসপোর্ট নেই, তাদের দ্রুত ট্রাভেল পাস প্রদানের ব্যবস্থাও করছে দূতাবাস।
তবে দূতাবাস সতর্ক করেছে যে, অনেক বাংলাদেশি ট্রাভেল পাস নিয়েও দেশে না ফিরে কম্বোডিয়ায় লুকিয়ে থাকছেন বা অন্য দেশে প্রবেশের চেষ্টা করছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নির্ধারিত সময় পার হওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে কম্বোডিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আগ্রহী ব্যক্তিদের দ্রুত প্রয়োজনীয় নথিপত্রসহ দূতাবাসে আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























