সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে একটি ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন রায়গঞ্জ এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. শাহিন সরকার এবং উপজেলা কৃষকদলের সভাপতি মো. আবুল কালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসনুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান এবং সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইমামদের মাধ্যমে ধর্মীয় শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক ভূমিকা পালনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অনস্বীকার্য। ধর্মীয় শিক্ষার আলোকে মানুষকে সৎপথে পরিচালিত করতে ইমামদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেড়েছে। তাঁরা মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে ইমামদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্মেলনের আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এই ধরনের আয়োজন ইমামদের দক্ষতা বৃদ্ধি, দায়িত্ববোধ জাগ্রতকরণ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
রিপোর্টারের নাম 
























