ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী বলেছেন, যেকোনো মূল্যে মাদরাসা শিক্ষার স্বাতন্ত্র্য ও ঐতিহ্য রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ইবতেদায়ী মাদ্রাসার স্বীকৃতি ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। একই সঙ্গে, উচ্চতর স্তরে সাধারণ বিষয়ের ওপর অধিক গুরুত্ব দেওয়ায় আরবি ও ইসলামী বিষয়গুলো মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে।
ড. ঈসা শাহেদী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে মুসলিম জাতিসত্তার চেতনাকে সমুন্নত রাখতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ শিক্ষার সকল স্তরে কোরআন ও হাদিসের শিক্ষা ও আদর্শের প্রতিফলন ঘটানো অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও ইনসাফপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য শরিয়াহ আইন বলবৎ করা প্রয়োজন। পাশাপাশি, ভারত সীমান্তে উসকানি এবং পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টির যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শনিবার রাজধানীর পুরানা পল্টনে ছায়াপথ প্রকাশনী মিলনায়তনে আয়োজিত ‘মাদরাসা শিক্ষার ঐতিহ্য রক্ষা ও উন্নয়ন: জেনারেল শিক্ষার সর্বস্তরে কোরআন-হাদিসের শিক্ষার বাস্তবায়ন—সময়ের দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সংগঠনের নায়েবে আমির ড. একেএম মাহবুবুর রহমান, অধ্যক্ষ শওকাত হোসেন, সেক্রেটারি জেনারেল ড. এনামুল হক আজাদ সহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতারা আলোচনায় অংশ নেন।
রিপোর্টারের নাম 





















