ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি ঘিরে নৌ অবরোধ আরোপের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বলে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ইরানি সামরিক বাহিনী এ অঞ্চলে মার্কিন নৌবহরের প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের নৌবাহিনীর সাহসী সদস্যরা এ অঞ্চলে আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর সব ধরনের চলাচল অনুসরণ ও পর্যবেক্ষণ করছে।’ তিনি আরও জানান যে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সীমাবদ্ধতা আরোপ করেছে। যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় ইরান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এই পানিপথ ব্যবহার করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে।
অন্যদিকে, তেহরান মিত্র দেশগুলোর জাহাজ চলাচল অনুমোদন দিলেও আগ্রাসী দেশ ও তাদের সমর্থকদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। ইরানের পার্লামেন্ট জাতীয় মুদ্রায় ট্রানজিট ফি আরোপ এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলি জাহাজ সরাসরি নিষিদ্ধ করার জন্য একটি খসড়া আইন এগিয়ে নিয়েছে বলে জানা গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যৌথবাহিনীর হামলায় ২ হাজার ৭৬ জন নিহত হয়েছেন এবং ২৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। একই দিনে মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ জন শিক্ষার্থী নিহত হয়।
রিপোর্টারের নাম 























