তুরস্ক সরকার তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বসফরাস ও দারদানেলস প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ট্রানজিট ফি প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি করেছে। দেশটির পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয় বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে প্রতি টন পণ্যের জন্য ট্রানজিট ফি ৬.৭০ মার্কিন ডলার ধার্য করা হয়েছে। এর আগে ২০২২ সাল থেকে প্রতি টন ফি ৫.৮৩ ডলার কার্যকর ছিল। মন্ত্রণালয়ের বার্ষিক পর্যালোচনার অংশ হিসেবে এই হার বাড়ানো হয়েছে।
বিশ্বের অন্যতম ব্যস্ত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দুই সমুদ্রপথে ট্রানজিট ফি বৃদ্ধির এটি সর্বশেষ পদক্ষেপ। উল্লেখ্য, ১৯৮৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৪০ বছর ধরে ট্রানজিট ফি প্রতি টন মাত্র ৮০ সেন্টে অপরিবর্তিত ছিল। পরবর্তীতে ২০২২ সালে নীতিগত পরিবর্তনের মাধ্যমে এক লাফে ফি পাঁচ গুণেরও বেশি বাড়িয়ে প্রতি টন ৪.৮ ডলার নির্ধারণ করা হয়।
পরিবহন ও অবকাঠামোমন্ত্রী আবদুল কাদির উরালওগলুর দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত বসফরাস ও দারদানেলস প্রণালি দিয়ে জাহাজ চলাচল থেকে তুরস্কের প্রায় ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার আয় হতে পারে। এটি আগের অর্থবছরের তুলনায় প্রায় ৩ কোটি ১০ লাখ ডলার বেশি।
কৃষ্ণসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করা বসফরাস ও দারদানেলস প্রণালির চলাচল ১৯৩৬ সালের মন্ট্রো কনভেনশন অনুযায়ী পরিচালিত হয়। এই চুক্তির আওতায় বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলের নিয়ম নির্ধারিত থাকলেও, টোল নির্ধারণ এবং নিরাপত্তা ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ তুরস্কের হাতেই রয়েছে।
রিপোর্টারের নাম 





















