দিনাজপুরে মোবাইল টাওয়ারের পাওয়ার হাউস থেকে ব্যাটারিসহ অন্যান্য মূল্যবান সরঞ্জামাদি চুরি করা একটি সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, সরঞ্জামাদি এবং একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ডাকাতরা বিভিন্ন মোবাইল টাওয়ারের পাওয়ার হাউসে রক্ষিত ব্যাটারিসহ অন্যান্য মূল্যবান সরঞ্জামাদি ডাকাতি করত। ডাকাতির সময় তারা জনসাধারণ ও টাওয়ারের সিকিউরিটি গার্ডকে বিভ্রান্ত করার জন্য নিজেদের বিভিন্ন ভুয়া কোম্পানির ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও ড্রাইভার পরিচয় দিত এবং ভুয়া আইডি কার্ড ব্যবহার করত।
বুধবার দুপুর ১টায় দিনাজপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন- সোহানুল ইসলাম (৪০), মো. খলিল (৩০), বরণ বালা (৪৩) ও দুলাল মিয়া (৪০)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, সরঞ্জামাদি ও একটি পিকআপ জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দিনাজপুর জেলা শহরের স্টেশন রোড বাহাদুর বাজার এলাকায় আবাসিক হোটেল রাজে অভিযান চালায়। অভিযানের সময় হোটেলের তৃতীয় তলার ৩০৬ নম্বর কক্ষ থেকে ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে ডাকাতদের সহযোগী মো. রোমান (২৮) ও মো. রনি (২৪) একটি প্রাইভেটকারযোগে পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 

























