গণরায়ের প্রতিফলন নিশ্চিত করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। কেন্দ্রঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে ওই দিন বেলা ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
সমাবেশ সফল করার লক্ষ্যে সম্প্রতি নগরীর বন্দরবাজারস্থ মহানগর জামায়াত কার্যালয়ে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীসহ জোটের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা গণরায়ের প্রতিফলন নিশ্চিত করা, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি রোধ, জনদুর্ভোগ নিরসন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। সমাবেশকে সফল করতে এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক গণসংযোগ, প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।
রিপোর্টারের নাম 























