দেশের আবহাওয়ায় আগামী তিন মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের লক্ষ্যে বুধবার বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা শেষে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির দীর্ঘমেয়াদি তিন মাসের পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এই সময়ে বিচ্ছিন্নভাবে ৩ থেকে ৫টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ থেকে ৩টি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, এই সময়ে দেশে ১০ থেকে ১৫ দিন বজ্রপাত হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, জুন মাসে ২৯ দশমিক ৪ মিলিমিটার কম বৃষ্টিপাত হলেও চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। জুলাই মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাত এবং ১ থেকে ২টি বিচ্ছিন্ন মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
জুলাই মাসে মৌসুমী বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ভারী বৃষ্টিপাতের ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। কৃষি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, জুলাই মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টা থাকতে পারে।
রিপোর্টারের নাম 























