ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে ইসলামী শিক্ষার গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টি কালচারাল (এমসি) ইনস্টিটিউট ফ্রান্সের উদ্যোগে প্যারিসে এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত ওভারভিলিয়ে এলাকায় এমপি ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসে এই সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল প্রফেসর বদরুল বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা এমসি ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ গঠনে প্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত করতে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তারা এমসি ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম আরও বিস্তৃত করতে সবার সহযোগিতা কামনা করেন। ফান্ডরেইজিং কার্যক্রমে অংশগ্রহণকারীরা আন্তরিকভাবে সাড়া দেন এবং প্রতিষ্ঠানটির উন্নয়নে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন।
রিপোর্টারের নাম 
























