সৌদি আরবের দাম্মামে কাজ করার সময় দেয়ালচাপায় মোহাম্মদ ইউসুফ (২৪) নামের এক বাংলাদেশি প্রবাসী তরুণ নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার একটি নবনির্মিত ভবনে বৈদ্যুতিক কাজ করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ নোয়াখালীর সেনবাগ উপজেলার মাহতাবপুর গ্রামের মৃত বেচু মিয়ার সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, মাত্র চার মাস আগে জীবিকার তাগিদে এবং পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন এই তরুণ। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুপারভাইজার মোহাম্মদ হাসিব জানান, ইউসুফ একটি নতুন বাড়িতে ইলেকট্রিক্যাল ড্রিলিংয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি দেয়াল তার ওপর ধসে পড়লে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
বর্তমানে ইউসুফের মরদেহ দাম্মাম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার অকাল মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে যত দ্রুত সম্ভব মরদেহ দেশে পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























