জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ২৮ জন বিচারককে শোকজ করা হয়েছে শুধুমাত্র নিজেদের মধ্যে কিছু মতামত লেখার কারণে। বিচারকদের নিজেদের মধ্যে গঠনমূলক আলোচনা করার জায়গাও যদি নিরাপদ না থাকে, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা কোথায় দাঁড়িয়ে আছে? তিনি মনে করেন, এটি বিচারকদের ভয় দেখানোর একটি স্পষ্ট প্রচেষ্টা।
বুধবার বিকেলে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, স্ক্রিনশট নিয়ে বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একটি স্পষ্ট বার্তা দিচ্ছে: ‘চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন’। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর বিচারকদের মধ্যে কিছুটা সাহস দেখা গেলেও, বর্তমান পরিস্থিতি সেই পরিবেশকে আবার ভয়ের মধ্যে ঠেলে দিচ্ছে। যদি বিচার বিভাগে এমন চাপ থাকে, তবে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগও দুর্বল হয়ে যায়।
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, এটি কোনো ব্যক্তির বিষয় নয়, বরং একটি সিস্টেমের বিষয়। বিচারকদের কণ্ঠ এভাবে নিয়ন্ত্রণ করা হলে শেষ পর্যন্ত পুরো দেশকেই এর ক্ষতিপূরণ দিতে হবে। তিনি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং বলেন, বিচার বিভাগকে ভয় দেখিয়ে শক্তিশালী করা যায় না, বরং দুর্বল করে ফেলা হয়।
রিপোর্টারের নাম 

























