হাম একটি ভাইরাসজনিত রোগ, যার কোনো নির্দিষ্ট প্রতিষেধক নেই। নিয়মিত টিকা গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করাই সবচেয়ে কার্যকর উপায়। বর্তমানে বাংলাদেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে, তাই হামের টিকা সংক্রান্ত কিছু সাধারণ প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হলো:
প্রশ্ন : হামের কয় ধরনের টিকা বাজারে পাওয়া যায় (বাংলাদেশে)?
উত্তর : বাংলাদেশে দুই ধরনের টিকা পাওয়া যায় – এমআর (সরকারিভাবে) এবং এমএমআর (বেসরকারিভাবে)।
প্রশ্ন : বাংলাদেশে হামের টিকা সাধারণত কত বয়সে দেওয়া হয়?
উত্তর : সরকারিভাবে ইপিআই (EPI) শিডিউল অনুযায়ী শিশুদের দুই ডোজ টিকা দেওয়া হয়। প্রথম ডোজ ৯ মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ ১৫ মাস বয়সে দেওয়া হয়ে থাকে।
প্রশ্ন : হাম প্রতিরোধে এই টিকার কার্যকারিতা কত?
উত্তর : নিয়মিত দুই ডোজ টিকা নিলে, হাম রোগ প্রতিরোধের ক্ষেত্রে এই টিকা ৯৭-৯৯ শতাংশ কার্যকর হয়।
প্রশ্ন : ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টিকা দেওয়া হয় না কেন?
উত্তর : মায়ের শরীর থেকে প্রাপ্ত (প্যাসিভ/পরোক্ষ) অ্যান্টিবডির মাধ্যমে নবজাতকের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যা শিশুকে সুরক্ষা দিয়ে থাকে। ৯ মাস বয়সের আগে টিকা দিলে তা কম কার্যকর হতে পারে।
প্রশ্ন : ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টিকা দেওয়া যাবে কি?
উত্তর : ক্ষেত্রবিশেষে ছয় মাসের পর থেকে হামের টিকা দেওয়া যেতে পারে, যেমন – হামের প্রাদুর্ভাবের সময় বা যখন শিশুদের ভ্যাকসিন ক্যাম্পেইন চলে। তবে, সেক্ষেত্রে অবশ্যই পরে ৯ মাস এবং ১৫ মাস বয়সে যথারীতি দুই ডোজ টিকা দিতে হবে।
প্রশ্ন : যদি কেউ ইপিআই শিডিউল অনুযায়ী টিকা না দিয়ে থাকেন, তবে করণীয় কী?
উত্তর : সম্পূর্ণ দুই ডোজ টিকা দিতে হবে। তবে, এ ক্ষেত্রে প্রথম ডোজ দেওয়ার ন্যূনতম এক মাস পর দ্বিতীয় ডোজ দিতে হবে।
প্রশ্ন : আমার শিশুর বয়স তিন বছর; কিন্তু তাকে হামের টিকা দেওয়া হয়নি, সে ক্ষেত্রে করণীয় কী?
উত্তর : এক্ষেত্রেও সম্পূর্ণ দুই ডোজ টিকা দিতে হবে। প্রথম ডোজ দেওয়ার ন্যূনতম এক মাস পর দ্বিতীয় ডোজ দিতে হবে।
প্রশ্ন : আমার শিশুর বয়স দুই বছর; কিন্তু তাকে হামের প্রথম ডোজ টিকা দেওয়ার পর দ্বিতীয় ডোজ দেওয়া হয়নি, সে ক্ষেত্রে করণীয় কী?
উত্তর : যত দ্রুত সম্ভব দ্বিতীয় ডোজ টিকাটি দিয়ে দিতে হবে।
প্রশ্ন : হামের দুই ডোজ টিকা দেওয়ার পর, বুস্টার ডোজ টিকা দেওয়ার প্রয়োজন আছে কি?
উত্তর : সম্পূর্ণ দুই ডোজ হামের টিকা দেওয়া থাকলে, বুস্টার ডোজ দেওয়ার কোনো প্রয়োজন নেই।
প্রশ্ন : কিশোর-কিশোরী অথবা বড়রা কি হামের টিকা নিতে পারবেন?
উত্তর : হ্যাঁ, তারা নিতে পারবেন, যদি এর আগে হামের কোনো টিকা না নিয়ে থাকেন বা তাদের হাম হয়েছিল কিনা সে সম্পর্কে নিশ্চিত না হন।
রিপোর্টারের নাম 

























