বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষিণাঞ্চল সফরকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পথসংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে প্রধানমন্ত্রী তার বিশাল গাড়িবহর নিয়ে ভাঙ্গা অতিক্রম করার সময় স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে এই উষ্ণ অভ্যর্থনা জানান। সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের নেতৃত্বে দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় শত শত নেতাকর্মী রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।
সকাল ৭টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী ভাঙ্গা পৌঁছালে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এ সময় প্রধানমন্ত্রী বিআরটিসি বাসের ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভোর থেকেই উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি মহিলা দলের সদস্যদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রিপোর্টারের নাম 






















