যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে বর্তমানে ডায়রিয়া সৃষ্টিকারী একটি পরজীবীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা গত কয়েক সপ্তাহে হাজার হাজার মানুষকে আক্রান্ত করেছে। এই পরজীবীটির নাম ‘সাইক্লোস্পোরিয়াসিস’, যা খালি চোখে দেখা যায় না এবং এর প্রধান উপসর্গ হলো বারবার পাতলা, পানির মতো ও তীব্র ডায়রিয়া।
সাধারণত দূষিত খাবার বা পানি গ্রহণের মাধ্যমে মানুষ এই রোগে আক্রান্ত হয়, যেখানে পরজীবীটি মিশে থাকে। যুক্তরাষ্ট্রের ৩১টি অঙ্গরাজ্যে এখন এই প্রাদুর্ভাব চলছে, যার মধ্যে মিশিগান অঙ্গরাজ্যের পরিস্থিতি সবচেয়ে গুরুতর। সেখানে মাত্র দুই সপ্তাহের মধ্যে ১ হাজারের বেশি মানুষের শরীরে এই সংক্রমণ শনাক্ত হয়েছে।
তবে, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, সাম্প্রতিক এই প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সিডিসির তথ্য অনুযায়ী, গত ১ মে থেকে ৯ জুলাই পর্যন্ত দেশটিতে সাইক্লোস্পোরিয়াসিসের ৮৪৩টি নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। জনস্বাস্থ্য সংস্থাটি আরও জানিয়েছে যে, তারা ১ হাজার ৫০০-র বেশি সম্ভাব্য সংক্রমণের বিষয়ে অবগত রয়েছে, তবে এগুলো নিশ্চিত করতে আরও বিশ্লেষণের প্রয়োজন।
সংক্রমণের নির্দিষ্ট উৎস এখনো শনাক্ত করা যায়নি। তবে অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, কাঁচা ফল ও সবজির মতো খাদ্যবাহিত পণ্য থেকে এই ধরনের সংক্রমণ ছড়াতে পারে। সিডিসি জানিয়েছে, কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও ৮৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
মিশিগানের পর সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে নিউইয়র্কে, যেখানে ৮ জুলাই পর্যন্ত প্রায় ৩০০ সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। এছাড়া ইলিনয় অঙ্গরাজ্যে ৭ জুলাই পর্যন্ত ১৪১টি সংক্রমণ শনাক্ত হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় বেশি। ওহাইও অঙ্গরাজ্যেও ১৭৭টি সংক্রমণ রিপোর্ট করা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, অনেকেই চিকিৎসা না নিয়ে সুস্থ হয়ে যান এবং তাদের পরীক্ষা করা হয় না, ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি হতে পারে।
রিপোর্টারের নাম 
























