দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুর্যোগকালীন সময়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং মাঠপর্যায়ে কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতে এই দুই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে একই ছাতার নিচে আনা জরুরি হয়ে পড়েছে। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতি চলছে।
বিশ্বের বিভিন্ন দেশে যেমন ভারত, চীন ও দক্ষিণ কোরিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিস একই মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। বাংলাদেশেও এই মডেল অনুসরণের মাধ্যমে দুর্যোগকালীন সাড়াদান কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রিপোর্টারের নাম 























